বরিশালে বিমান বাহিনীর ঘাঁটির জন্য জমি অধিগ্রহণের খবরে স্থাপনা তৈরির হিড়িক

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:৪৯

মাত্র কয়েক দিনের ব্যবধানে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠী এলাকাধীন বরিশাল বিমানবন্দরের পশ্চিম পাশে অব্যবহূত ও কৃষি জমিতে বাড়ি-ঘর নির্মাণের হিড়িক লেগেছে। ঐ এলাকায় বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রস্তাবিত জরিপের খবরেই এসব বাড়ি-ঘর নির্মাণ করা হচ্ছে। মুনাফালোভী একটি চক্র পরিত্যক্ত ও কৃষি জমিতে কাঁচা ঘর, আধা পাকা ঘর ও ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। গত সাড়ে তিন বছর ধরে জায়গা নির্ধারণ নিয়ে কার্যক্রম চলমান থাকলেও এখনো শুরু হয়নি ভূমি অধিগ্রহণের কার্যক্রম। জানা গেছে, অধিক মুনাফা লাভের আশায় এ ঘর-বাড়ি নির্মাণে মরিয়া হয়ে উঠেছে একাধিক মহল। তারা রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামে এ সব স্থাপনা তাড়াহুড়ো করে নির্মাণ করছে।

সরেজমিনে ও স্থানীয় একাধিক সূত্র জানা গেছে, গ্রামের একটি বড় জায়গা সরকার বিমানবাহিনীর ঘাঁটির জন্য অধিগ্রহণ করবে বলে তারা শুনেছেন। আর তাদের কৃষি ও পরিত্যক্ত জমি অধিগ্রহণে যে ক্ষতিপূরণ মূল্য নির্ধারিত হবে তার চেয়ে বসতভিটার বেশি মূল্য পাবেন তারা। তাই অনেকে নিজে আবার অনেকে বিশেষ মহলের সহায়তায় কোনোভাবে নতুন বাড়িগুলো নির্মাণ করছেন, যার মধ্য           দিয়ে বেশ মোটা অঙ্কের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। এমন খবরের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে ঐ এলাকায় শতাধিক নতুন বাড়িসহ ছোট-বড় স্থাপনা গড়ে উঠেছে।

তবে বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর ঘাঁটির প্রস্তাবিত পরিকল্পনার আওতায় খানপুরা গ্রামের প্রায় ১৫৮ একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে। জেলা প্রশাসন এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। তারা শিগিগরই গ্রামের ১৫৮ একর জমি অধিগ্রহণের জন্য তাদের প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠাবে বলেও জানা গেছে। আর প্রস্তাবটি অনুমোদনের পরেই প্রকৃত অধিগ্রহণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বরিশালর অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, ইতিমধ্যে পুরো এলাকার ভিডিও রেকর্ডিং সংগ্রহ করা হয়েছে। সেখানে সাম্প্রতিক সময়ে স্থাপনা নির্মণের কারণে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। বরং তারা উলটো ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ঐ জমিতে নতুন কোনো স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভূমি অধিগ্রহণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বলেন অধিগ্রহণের খবরে রাতারাতি ভবন নির্মাণের ফলে ইতিপূর্বে জমি অধিগ্রহণের প্রস্তাব বাতিল হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে গত বছর বরিশাল সদর উপজেলার কর্নকাঠিতে কোস্টগার্ডের জন্য অধিগ্রহণের জন্য ২০ একর জমির প্রস্তাব করা হয়। এ খবরে একটি চক্র সেখানে রাতারাতি ভবন নির্মাণ করে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল করা হয়।