এরশাদ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৩১

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেছেন, এরশাদ আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করে নির্বাচিত প্রতিনিধিদের অধীনে প্রথম শ্রেণির কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। আমরা তার আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব। সামাজিক ন্যায়বিচার ও সব পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাই জাপার লক্ষ্য। গতকাল শনিবার রাজধানীর চকবাজার এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় যুব সংহতির নেতা রফিকুল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।