সংসদ সদস্য ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৪৪

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। গতকাল শনিবার সন্ধ্যায় তার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ১০ দিন আগে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তী সময়ে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পড়ে। এছাড়াও তিনি হূদেরাগ ও ডায়াবিটিস রোগে আক্রান্ত।

টানা তিন বারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পুরোপুরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন।