এই সময়ের ছড়া
আলী এরশাদ
ভেবে অবাক হই
শ্রেষ্ঠ প্রাণী মানুষগুলোর মানবতা কই?
যেদিক তাকাই দেখি শুধু অমানুষের ভিড়
প্রতারণার চিত্র দেখে মন বড় অস্থির।
অসুররূপী মানুষগুলো সাধুর মুখোশ পরে
পরের ক্ষতি করে নিজের আখের শুধু গড়ে।
মনের ভেতর কালির পাহাড় বাইরে পোশাক সাদা
তোমার মতো ডিগ্রিধারীর মূল্য কী হে দাদা?
সেবার নামে কেমন করে করছে জালিয়াতি
বাড়ি, গাড়ি, জমির মালিক হচ্ছে রাতারাতি।
রোগী মরুক কিংবা বাঁচুক—কী যায় আসে তাতে
ধান্দা শুধু লক্ষ টাকা কামাবে দু’হাতে।
উচ্চতর ডিগ্রিধারীর মন যদি হয় এমন—
বুঝুন তবে সেরা প্রাণীর চরিত্রটা কেমন।
ভোগ সাগরে সারাটা ক্ষণ থাকবে যদি বাঁধা
তোমার মতো ডিগ্রিধারীর মূল্য কী হে দাদা?
পিয়ন থেকে শুরু করে কর্তা মহোদয়
আমানতের খেয়ানতে সবাই মেতে রয়।
পরোপকার দূরের কথা ধান্দা লুটে খাওয়া
বর্তমানে সুস্থ মানুষ যায় না খুঁজে পাওয়া।
সুকৌশলে জিম্মি করে পরের পকেট কেটে
বিলাস জীবন যাপন করে চর্বি জমায় পেটে।
উচ্চতর ডিগ্রি আছে, কিন্তু মনে কাদা
তোমার মতো ডিগ্রিধারীর মূল্য কী হে দাদা?
বাবা-মাকে বোঝা ভেবে এই মানুষই হায়!
ভালোবাসার বিনিময়ে পথে রেখে যায়।
শিউরে উঠি! মানুষ এমন পাষাণ হতে পারে?
কেমন করে যায় ফেলে যায় নিজের বাবা-মা’রে!
ঘরে ফিরে এই মানুষই মোনাজাতে কয়
আমার ছেলেমেয়ে যেন অনেক বড় হয়।
দেখে এমন মূল্যবোধের চরম অবক্ষয়
প্রশ্ন আমার ক্যামনে মানুষ শ্রেষ্ঠ প্রাণী হয়?
কী পরিণাম হবে তোমার ভাবলে না রে গাধা
তোমার মতো ডিগ্রিধারীর মূল্য কী হে দাদা?
