ইত্তেফাক রিপোর্ট
গেল জুনে যুক্তরাজ্যে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। স্থানীয় পর্যায়ে দোকানপাট খুলে যাওয়ায় সাধারণ মানুষের পণ্য কেনার চাহিদা বেড়েছে। বিবিসির সংবাদ অনুযায়ী দেশটিতে করোনার প্রভাব শুরুর পর থেকে অনলাইনে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। করোনা প্রতিরোধে লকডাউনের কারণে যুক্তরাজ্যে ব্যাবসায়িক কার্যক্রম স্থবির হয়ে যায় মার্চ থেকে।
এপ্রিলে খুচরা বিক্রি রেকর্ড পরিমাণ কমে যায়। পরের মে মাসে এসে কিছুটা বৃদ্ধি পায়। লকডাউন শিথিল হবার পর জুনের দিনে বিক্রি অনেক বেশি বেড়েছে। খাবারের দোকানে বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় খাবারের বিক্রি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। ঘুরে দাঁড়াচ্ছে কাপড়সহ বিভিন্ন দোকান। দেশটির পরিসংখ্যান দপ্তর জানিয়েছে রেকর্ড পরিমাণ বিক্রি হচ্ছে অনলাইনে। খুচরা বিক্রির প্রতি ১০ পাউন্ডের মধ্যে ৩ পাউন্ড বিক্রিই হচ্ছে অনলাইনে।
