নাটোরের নলডাঙ্গায় সুগারমিলের ট্রলি ও ইট ভাটার মাটির ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম শরিফুল ইসলাম শরিফ (২৮)। তিনি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী স্বাস্থ্যকর্মী। নিহত শরিফুল ইসলাম উপজেলার হলুদঘর গ্রামের বাহার উদ্দিনের ছেলে ও হলুদ ঘর কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্যকর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার স্থল থেকে ২ জন মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় চিকিৎসকরা শরিফুলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোটরসাইকেলে থাকা আরেক সহকারী স্বাস্থ্যকর্মী আখতারুল জামান রেন্টুকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শরিফুলের লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত আখতারুজ্জামান উপজেলার শেখপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং একই কেন্দ্রে সহকারী কর্মী।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২
নাটোরের নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শরিফুল ইসলাম ও আখতারুজ্জামান অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে নলডাঙ্গা থেকে নাটোর শহরে যাচ্ছিলেন। এ সময় পথে সদর উপজেলার ছাতনী মতিন হাজির ইটভাটা এলাকায় পৌঁছুলে বিপরিতমুখী একটি সুগারমিলের ট্রলি ও ইট ভাটার মাটি বোঝাই ট্রলির চাপা লাগে। এতে মোটর সাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়েন।
এ ঘটনায় ট্রলি দুইটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু
