স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৮ সালে আইসিসি যুব বিশ্বকাপ খেলেছিলেন কাজী অনিক ইসলাম। বিপিএলেও খেলেছিলেন প্রতিশ্রুতিশীল বাঁহাতি এই পেসার। যদিও যুব দলে থাকতেই অনিয়ন্ত্রিত জীবনযাপন করেছেন। শৃঙ্খলা ছিল না ব্যক্তিগত জীবনে। যার মাশুলও দিচ্ছেন কাজী অনিক। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এই তরুণকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। অ্যান্টি ডোপিং ধারার ৮.৩ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি পেলেন কাজী অনিক। বিসিবির কাছে নিজের অপরাধও স্বীকার করেছেন তিনি।
২০১৮ সালের ৬ নভেম্বর কক্সবাজারে ডোপ টেস্ট করা হয় এই ক্রিকেটারের। এবং পজিটিভ ধরা পড়েন তিনি। ঐ নমুনা পরীক্ষার পর কাজী অনিকের পাওয়া সব পদক, পুরস্কার তুলে নিবে বিসিবি। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারির পর আবারও ক্রিকেটে ফিরতে পারবেন প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলা এই পেসার।
