স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর সিটি করপোরেশনের সক্ষমতা অনুযায়ী বাস্তবায়নযোগ্য একটি বাজেট নগরবাসীর সামনে উপস্থাপন করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা অনুযায়ী নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। গতকাল রবিবার নগর ভবনের সভা কক্ষে রংপুর সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
রসিক মেয়র মোস্তফা বলেন, করোনা মহামারির বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে অধিক বরাদ্দ রেখে রংপুর সিটি করপোরেশনের সক্ষমতা অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরের প্রায় ৮৬২ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৪৭২ টাকার একটি খসরা বাজেট প্রস্তুত করা হয়েছে। মেয়র মহোদয়ের নির্দেশক্রমে মতবিনিময় সভায় প্রস্তাবিত খসরা বাজেট উপস্থাপন করেন রংপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. হাবিবুর রহমান।
