সরকার বেকার যুবকদের কর্মসংস্থানে নিরলসভাবে কাজ করছে —শ ম রেজাউল করিম

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:০৯

পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেকার যুবকদের কর্মসংস্থানে নিরলসভাবে কাজ করছে। বেকার যুবকদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে খামার-শিল্প গড়ে স্বাবলম্বী হতে হবে। এ লক্ষ্যে সরকার সহজশর্তে ও জামানতবিহীন ঋণ সুবিধা দিচ্ছে। শেখ হাসিনা বিশ্বাস করেন কৃষক বাঁচলে, কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে  সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মধ্যে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। রবিবার স্বরূপকাঠি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, মাছের উত্পাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠির শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও আমাদের লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চিন্ময় রায়, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম  কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কৃষক লীগ সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত্ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সবুর তালুকদার প্রমুখ ।