ইত্তেফাক রিপোর্ট
রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার নামে প্রতারণার শিকার রোগীদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষা করা হচ্ছে সেগুলোর তালিকা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালের নাম ও সংখ্যা প্রকাশ, করোনা পরীক্ষা এবং চিকিত্সার হাসপাতালগুলো মনিটরিংয়ে প্রত্যেক থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ইশরাত হাসান এ রিট দাখিল করেন। এতে স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
গত ১৯ জুলাই রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার ভুয়া সনদে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার আব্দুল হালিম। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়। প্রসঙ্গত রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা না করেই রোগীদের সার্টিফিকেট দেওয়া হতো। এই অভিযোগে হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতার করা হয়।
