ভোট জালিয়াতরাই করোনার ভুয়া সার্টিফিকেট দেয় :রিজভী

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:৪১

করোনা মহামারির এই অন্ধকারাচ্ছন্ন সময়ে সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনার ভুয়া সার্টিফিকেট দেওয়া হাসপাতালগুলোকে সরকারই স্বীকৃতি দিয়েছিল। এখন সনদ জালিয়াতিতে সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতর ও সংশ্লিষ্টরা একে অপরের ওপর দোষারোপ করছে। কেউ দায় নিচ্ছে না। যারা জালিয়াতির মাধ্যমে ভোট করে ক্ষমতায় থাকে তারা করোনার সনদ জালিয়াতির সার্টিফিকেট দেবে, মানুষের জীবন বাঁচানোর কোনো উদ্যোগ নেবে না এটাই তো স্বাভাবিক। বিএনপির সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে, তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না।

গতকাল রবিবার জাতীয় মত্স্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে খিলগাঁওয়ে বালুনদের মোহনায় উন্মুক্ত জলাশয়ে মত্স্য পোনা অবমুক্তকরণের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মত্স্যজীবী দল এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য যে কাজগুলো দরকার সেগুলো করেছেন। বর্ষা ও শুকনো মৌসুমে যেনে খালেবিলে পানি থাকে এবং সেগুলোতে যেন মত্স্য চাষ করা যায়—এজন্য কিলিমিটারের পর কিলোমিটার খাল খনন করেছেন। নিজে কোদাল ধরেছেন। আজকে যারা সরকারে আছে তারা রাতের বেলা ভোট করে, তারা মানুষের স্বাস্থ্যের নামে হাসপাতালে ভুয়া সার্টিফিকেট বিতরণ করে, জালিয়াত সার্টিফিকেট বিতরণ করে। এখন এই পরিস্থিতির মধ্যে দিয়েই দেশ চলছে।’