দেশে করোনা ভাইরাসে আবার অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস শনাক্তের ১৪১তম দিনে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন মারা গেছেন। শনিবারের চেয়ে গতকাল ১৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ।
গতকাল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯২ জন। শনিবারের চেয়ে গতকাল ৬৭৮ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৫ দশমিক ২০ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবারের চেয়ে গতকাল ২৪৫ জন কম শনাক্ত হয়েছেন। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ১১ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৪ দশমিক ১২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ কম।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ৬১৫ জনের। শনিবারের চেয়ে গতকাল ৮২৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দ্বীপ জেলা ভোলায় নতুন আরেকটি পরীক্ষাগারসহ দেশের ৮১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৮ জনের।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৫২ জন এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৩৩৩ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে এক জন, রাজশাহী বিভাগে সাত জন, সিলেট বিভাগে ছয় জন এবং খুলনা বিভাগে আট জন রয়েছেন। এ পর্যন্ত বিভাগওয়ারী মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৪০৮ জন; যা ৪৮ দশমিক ০৯ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৭২১ জন, যা ২৪ দশমিক ৬২ শতাংশ; রাজশাহী বিভাগে ১৭৪ জন, যা ৫ দশমিক ৯৪ শতাংশ; খুলনা বিভাগে ২০৬ জন, যা ৭ দশমিক ০৪ শতাংশ; বরিশাল বিভাগে ১১০ জন, যা ৩ দশমিক ৭৪ শতাংশ; সিলেট বিভাগে ১৪০ জন, যা ৪ দশমিক ৭৮ শতাংশ; রংপুর বিভাগে ১০৮ জন, যা ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন, যা ২ দশমিক ০৮ শতাংশ।
