স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে সদ্য যোগদান করা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করব।’ গতকাল রবিবার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মহাপরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর দুপুর পৌনে ১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কক্ষে যান নতুন ডিজি। প্রায় সোয়া ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে স্বাস্থ্যসচিবের কক্ষে প্রবেশ করেন তিনি। এরপর সেখান থেকে বের হওয়ার পর আবার মন্ত্রীর কক্ষে যান ডা. খুরশীদ আলম।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন ডিজি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাত্ করলাম। উনারা কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আরো নির্দেশনা দিবেন।’ নতুন ডিজি বলেন, ‘আজ (রবিবার) আসলে মিটিং শেষ করতে পারিনি। মন্ত্রী মহোদয়ের তাড়া আছে, উনি যাবেন। আমরা বেরিয়ে এসেছি।’ তিনি আরো বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পর আপনাদের (মিডিয়া) অফিশিয়ালি ডাকব, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করবেন। তবে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারব না।’
করোনা ভাইরাস মহামারির মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর এই দায়িত্বে এসেছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
এদিকে রবিবার সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিজের নতুন কর্মস্থলে যোগ দেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন তিনি। কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনকারী মেডিক্যাল টেকনোলজিস্টদের অনশন ভাঙান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক। রবিবার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী মেডিক্যাল টেকনোলজিস্টকে শরবত খাইয়ে অনশন ভাঙান তিনি। চাকরি স্থায়ী করার দাবিতে বৃহস্পতিবার বিকাল থেকে প্রতিষ্ঠানটির সামনে তারা প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। রবিবারও চলছিল তাদের কর্মসূচি। বেলা সাড়ে ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আগারগাঁওয়ে আসেন। করোনা ভাইরাস মহামারির সময় কোভিড-১৯ নমুনা পরীক্ষায় স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করায় মেডিক্যাল টেকনোলজিস্টদের ধন্যবাদ জানান তিনি। ডা. খুরশীদ বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বার্তা নিয়ে তাদের কাছে এসেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন আপনাদেরকে এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের বিষয়টি তিনি দেখবেন।’
নতুন ডিজি বলেন, আপনাদের নিয়োগটা কেন হয়নি সেটা আমি জানি না। আমি মাত্র জয়েন করেই এখানে এলাম। মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এটার একটা ফয়সালা হবে। আমি ডিজি হিসেবে কথা দিতে পারি, আমার পর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কর্মবিরতির কারণে নমুনা পরীক্ষা ব্যাহত হচ্ছে। এ কারণে বিদেশগামী অনেকের ফ্লাইট বাতিল হয়েছে। যারা বিদেশ যেতে চান তাদের করোনা টেস্ট বাধ্যতামূলক। টেস্ট করতে না পেরে অনেকের ফ্লাইট মিস হয়েছে। তাদের কথাটাও চিন্তা করতে হবে।’ মহাপরিচালকের আশ্বাসে কাজে যোগ দেন মেডিক্যাল টেকনোলজিস্টরা।
