ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাপনা, বৃষ্টির পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা, দুই সিটি করপোরেশনসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানই ব্যর্থ হয়েছে। তাই দায়িত্ব পালনে অবহেলার দায় অন্যের ওপর না চাপিয়ে সংকট সমাধানে এককভাবে সিটি করপোরেশনকেই এই দায়িত্ব দেওয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি। কার্যত ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের হাতে ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব থাকায় এবং এর ফলে সমন্বয়হীনতা, অসুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক দোষারোপের সংস্কৃতিতে জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মনে করছে টিআইবি।
গতকাল রবিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান একই সঙ্গে বলেন, আইন অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রধান ড্রেন লাইনগুলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসার এবং শাখা লাইনগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত। আইনের এই মারপ্যাঁচে বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে একে অন্যের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চায় প্রতিষ্ঠানগুলো। তাই অবিলম্বে আইনের প্রয়োজনীয় সংশোধন করে একক প্রতিষ্ঠানের হাতে সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন খাল ও কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করতে হবে। এক্ষেত্রে নাগরিক প্রতিষ্ঠান হিসেবে দুই সিটি করপোরেশনকেই এই দায়িত্ব প্রদান করা উচিত এবং তাদের হাতেই এক্ষেত্রে ওয়াসার এক্তিয়ারভুক্ত কাজের পরিবীক্ষণের দায় থাকা উচিত।
