ভোট জালিয়াতরাই করোনার জালিয়াত সার্টিফিকেট দেয় :রিজভী

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০০:৪৩

করোনা মহামারির অন্ধকারাচ্ছন্ন সময়ে সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনার ভুয়া সার্টিফিকেট দেওয়া হাসপাতালগুলোকে সরকারই স্বীকৃতি দিয়েছিল। এখন সনদ জালিয়াতিতে সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্টরা একে অপরের ওপর দোষারোপ করছে। কেউ দায় নিচ্ছে না। যারা জালিয়াতির মাধ্যমে ভোট করে ক্ষমতায় থাকে তারা করোনার সনদ জালিয়াতির সার্টিফিকেট দেবে, মানুষের জীবন বাঁচানোর কোনো উদ্যোগ নেবে না—এটাই তো স্বাভাবিক। বিএনপির সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে, তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। গতকাল রবিবার জাতীয় মত্স্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে খিলগাঁওয়ে বালু নদীর মোহনায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের পর তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মত্স্যজীবী দল এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন মত্স্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্যসচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, জাকির হোসেন খান প্রমুখ।