চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও তিনজন। রবিবার রাত ১১ টার দিকে চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাড়কের ফরিদগঞ্জ বেইলি ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর হোসেন বাবুল খন্দকার এর ছেলে জিসান খন্দকার (২৩) ও একই বাড়ির হান্নান খন্দকারের ছেলে রাছেল খন্দকার (২২)। উভয়ের বাড়ি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকায়। নিহতরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। তারা একটি অ্যাপাচি মোটরসাইকেলে চড়ে ফরিদগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
আহত দু‘জন একই গ্রামের রাকিব পাটওয়ারী (২০), মামুন বেপারী ও তারেক বেপারী। এ তিনজন পালসার নামের অপর একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জে একটি হাসপাতালে ভর্তি করায়।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে ফরিদগঞ্জ দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১)। এটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রূতগতিতে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের আরোহী নিহত হন।
তিনি আরো জানান, ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকের চালকের নাম মো. রুস্তম (৪২) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামে তার বাড়ি।
ইত্তেফাক/এমআরএম
