বিএনপি শুধু ঘরে বসে অনলাইন বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৯:৪৪

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি শুধু ঘরে বসে অনলাইন বিবৃতি দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে ।বিএনপি দেশের কোনো দূর্যোগে পাশে না থেকে জনগণকে বিভ্রান্ত ও দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে ব্যস্ত থাকে। বিএনপি নির্বাচন আসলে নিশ্চিত পরাজয়ের ভয়ে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর ক্ষমতায় থাকলে দুর্নীতি ও লুটপাট করতে ব্যস্ত থাকে। এ কারণেই বিএনপি এখন জনবিচ্ছিন দলে পরিণত হয়েছে।  

সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় বন্যা কবলিত ও নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন, আওয়ামীলীগ ও উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি এবং শুকনো খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন। 

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন বাংলাদেশের মানুষের ত্রাণের কোন সংকট হবে না। তিনি সারাজীবন তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বাংলা ও বাঙ্গালীর সুখের জন্য তার সুখ বিসর্জন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কোন দুর্যোগে আপনাদের পাশে আছেন। তারই নির্দেশে দেশের দুর্যোগ মুহূর্তে ও তার কর্মী হিসেবে আমরা আপনাদের পাশে রয়েছি। 

তিনি আরো বলেন, মানুষের দুর্দিনে আওয়ামী লীগ ও এর সহযোগী সকল সংগঠনের নেতা কর্মীরা আমাদের নেত্রীর আহবানে সারা দিয়ে করোনার পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

আরো পড়ুনঃ এমপির স্থলে ডিগ্রি কলেজের গভর্নিং বডিতে আমলারা

এর আগে উপমন্ত্রী ১১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সুরেশ্বর গোসাইরহাট ভায়া ভেদরগঞ্জ-ডামুড্যা সড়কের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মন্ত্রী নড়িয়া উপজেলার নড়িয়া, কেদারপুর ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ত্রাণ বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন,নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চুন্নু, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফেজুর রহমান, ঘড়িষার ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব খান, ফজলুল হক মালৎসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম