পথশিশুদের শীত জয়ের উত্সব

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪২

আমাদের দেশে প্রায় ৮৪ শতাংশ পথশিশুর কোনো শীতবস্ত্র নেই। ৫৪ শতাংশ অসুস্থ হলে দেখার কেউ নেই। অথচ শিশুরাই আমাদের দেশের স্বপ্ন-সম্ভাবনা। আমরা তরুণ। তরুণরা চাইলে শুধু শীত কেন দূর করতে পারে শিশুদের সব কষ্ট

  সৈয়দা সাহেরিন আকবর

 

বিজয় দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার আয়োজন করে পথশিশুদের শীত জয়ের উত্সব ‘পুষ্পকলি শীত উত্সব-২০১৮’। শীত মানেই উত্সব! কিন্তু সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শীত মানেই বিভীষিকা। হাড় কাঁপানো শীতে সকাল হতেই উদম গায়ে খাবারের সন্ধানে যাওয়া। শীতের রাত মানেই আর এক দুঃস্বপ্ন। শিশুদের এই দুঃস্বপ্ন দূর করতে প্রতিবছরের সম্ভাবনার আয়োজন ‘পুষ্পকলির শীত উত্সব’। এ উত্সবে অংশগ্রহণ করে সম্ভাবনা পরিচালিত সুবিধাবঞ্চিতদের স্কুল পুষ্পকলি এর শিক্ষার্থীরা। উত্সবে শিশুদের দিনের বেলার শীত নিবারণের জন্য দেওয়া হয় ভারী জ্যাকেট এবং রাতের বেলার জন্য কম্বল।

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে ১৬ ডিসেম্বর বিকাল তিনটায় শুরু হয় এ উত্সব। উত্সবের প্রথম দিনে মিরপুর স্টেডিয়াম ও কালশী পুষ্পকলি স্কুলের ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে ধানমন্ডি রবীন্দ্র সরোবর পুষ্পকলি স্কুলের শিক্ষার্থীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকার আরো ১৫০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। উত্সবে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছিলেন সম্ভাবনার স্বেচ্ছাসেবীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা। উত্সবে শিশুদের মাঝে পোশাক ও কম্বল বিতরণ শেষে বিজয় দিবস উপলক্ষে পুষ্পকলি স্কুলের শিশু ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সব সম্পর্কে সম্ভাবনা সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, ‘আমাদের দেশে প্রায় ৮৪ শতাংশ পথশিশুর কোনো শীতবস্ত্র নেই। ৫৪ শতাংশ অসুস্থ হলে দেখার কেউ নেই। অথচ শিশুরাই আমাদের দেশের স্বপ্ন-সম্ভাবনা। আমরা তরুণ। তরুণরা চাইলে শুধু শীত কেন দূর করতে পারে শিশুদের সব কষ্ট।’

উল্লেখ্য ‘বঞ্চিত শিশু ও আগামীর সম্ভাবনা’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পথ চলা শুরু হয় ২০১১ সালে। ২০১১ সাল থেকে সম্ভাবনা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল’ নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে।