সাভারে নকল হেক্সিসল তৈরি, র‌্যাবের অভিযান

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২০:৫৮

সাভারে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ওষুধ তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৪ জানায়, বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকলভাবে তৈরি করে আসছেন।  

সকালে ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরি করার অভিযোগে কারখানাটির মালিক জিয়াউর রহমানকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট। 

এরপর একই ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে ওষুধ তৈরির অভিযোগে ইউনিয়ন ফ্যার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার ম্যানেজার নুরুন্নবীকে নগদ এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

একই সঙ্গে বেআইনি কাজ থেকে বিরত থাকতে কারখানা দুটিকে সর্তক করে দেওয়া হয়েছে। অভিযানকালে র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনু মং উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/জেডএইচ