লোহাগাড়ায় মহাসড়কে চলছে লেগুনা

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২১:৩১

শিশু-কিশোরের হাতে স্টিয়ারিং!

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার মহাসড়কে চলছে চার চাকার অবৈধ যাত্রীবাহী লেগুনা। আর এসব গাড়ির অধিকাংশ চালক-হেলপার অপ্রাপ্ত বয়স্করা। ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। সরজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে ২০০ চার চাকার যাত্রীবাহী অবৈধ লেগুনা চলাচল করছে। এসব গাড়ি উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন থেকে চকরিয়া এবং সাতকানিয়া কেরানীহাট পর্যন্ত চলাচল করছে। গাড়ির নেই কোনো ফিটনেস ও বৈধ কাগজপত্র। আর অধিকাংশ চালক-হেলপার শিশু-কিশোর বয়সের। ফলে দুর্ঘটনা বাড়ছে। ‘নিরাপদ সড়ক চাই’ লোহাগাড়ার আহ্বায়ক মোজাহিদ হোছাইন সাগর জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে অবৈধ লেগুনা গাড়ি চলাচল করছে। এই গাড়ির চালকের আসনে রয়েছে অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষরা। ফলে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে লেগুনাসহ কোনো অবৈধ গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। লেগুনার ব্যাপারে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্সে। অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।