আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন রোগীরা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর ১০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। যেখানে নিবিড় পরিচর্যার মাধ্যমে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও তদারকি না থাকায় আইসোলেশন ওয়ার্ডটি বর্তমানে ভাগাড়ে পরিণত হয়েছে। হয়ে পড়েছে অস্বাস্থ্যকর। ফলে আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।
করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গত মার্চ মাসে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ডটি স্থাপন করা হয়। সেখানে ৪৬টি হোমকোরেন্টাইন ও ৪০টি আইসোলেশন বেড স্থাপন করা হয়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফুর রহমানের সাবিক তত্ত্বাবধানে চিকিত্সক ও নার্সরা চিকিত্সা দিয়ে থাকেন। আইসোলেশন ওয়ার্ডটি নিয়মিত পরিষ্কার না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সার্জিক্যাল যন্ত্রপাতি, পানির বোতল, ছেঁড়া কাগজপত্র, রোগীদের ব্যবহূত কাপড়-চোপড় ইত্যাদি। বাথরুমও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফুর রহমান জানান, বর্তমানে চার জন করোনা রোগী আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীরা আইসোলেশনে যেতে চায় না, তাই ঐ অবস্থার সৃষ্টি হয়েছে।
