বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ট্রেন ইঞ্জিন) হস্তান্তর করেছে ভারত। গতকাল সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর এবং রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বাংলাদেশের উদ্দেশ্যে এই ১০টি লোকোমোটিভের যাত্রার উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতের রেলপথ প্রতিমন্ত্রী অঙ্গদি সুরেশ। বাংলাদেশের পক্ষে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এগুলো গ্রহণ করেন।
গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সরকারের অনুদান সহায়তায় এই লোকোমোটিভগুলো হস্তান্তরের মধ্যদিয়ে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনীয়তা অনুসারে এগুলোকে যথাযথভাবে পরিবর্তন করা হয়েছে। যা বাংলাদেশে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। কোভিড-১৯ মহামারিতেও দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় থাকায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, চলমান ঐতিহাসিক মুজিববর্ষে এ ধরনের আরো মাইলফলক অতিক্রম করার প্রত্যাশা করছি। পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো জোরদার করতে রেল সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
গতকাল লোকোমোটিভগুলো ভারতের গেদে-দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ফুলে ফুলে সাজানো লোকোমোটিভ দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলকে বাংলাদেশে রেলওয়ে প্রতিনিধি দল ফুলের শুভেচ্ছা জানান।
