নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম গতকাল সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইসরাফিল আলম হূদরোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি গত ১৭ জুলাই থেকে ঐ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
পারিবারিক সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে ইসরাফিল আলম সম্প্রতি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজেটিভ এলেও পরে করোনা নেগেটিভ আসে। তিনি চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে সরকারি বাসভবনে ফিরে যান। কিন্তু পরে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি হন। শনিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিত্সকরা লাইফ সাপোর্টে রাখেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল ও নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতাকে হারাল। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসরাফিল আলম তার পুরো জীবন দেশ ও জাতির কল্যাণে উত্সর্গ করেছিলেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেন।
জেপির শোক
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান জাতি স্মরণ করবে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম গভীর সমবেদনা জানিয়েছেন। ইসরাফিল আলমের মৃত্যুতে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’ গভীর শোক প্রকাশ করেছে। বিডিইআরএমের সভাপতি মণি রানী দাস ও সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
মায়ের পাশে শায়িত হলেন এমপি ইসরাফিল আলম
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আস?নের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামের ঈদগাহ ময়দানে এমপির একাধিক জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আইন উদ্দিন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাণীনগর-আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। এছাড়াও সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
