স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দিতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:৫১

একেবারে বিনামূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে। এতে আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারবে।

সোমবার ( ২৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরে আরটি পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরণের সমস্যা তৈরি না হয়, সেই দিক লক্ষ্য রেখেই সরকার চিন্তা ভাবনা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ভেটেনারি এনিমেল বিশ্ববিদ্যালয়ের ভিসি গৌতম বুদ্ধ দাশ। এছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ চিকিৎসক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ভেটেনারি এনিমেল বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতায় শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত ভাষা সৈনিক এমএ ওয়াদুদ মেমোরিয়াল ফাউন্ডেশন চাঁদপুরে এই আরটি পিসিআর ল্যাব স্থাপিত হয়। এতে আগামীকাল মঙ্গলবার থেকে করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলার রোগীরাও এই সুবিধা পাবে। একই সঙ্গে প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।

ইত্তেফাক/এসআই