বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত তারা যতো জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে কোভিড-১৯ সবচেয়ে গুরুতর। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ড. টেড্রোস গেব্রেয়োসাস বলেছেন, সারা বিশ্বে এক কোটি ৬০ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ছয় লাখ ৪০ হাজারের বেশি। মহামারির পরিস্থিতি খারাপ হওয়া অব্যাহত রয়েছে। গত ছয় সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে। খবর বিবিসির
একজন ডাক্তার যিনি শুরুর দিকে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছিলেন, তিনি বলেছেন তার বিশ্বাস স্থানীয় কর্মকর্তারা প্রাথমিক সংক্রমণের মাত্রা ধামাচাপা দিয়েছিলেন। উহান শহরে এই রোগের চিকিত্সায় সাহায্য করেছিলেন প্রফেসর কুক ইয়ং ইওয়েন। তিনি বলছেন, শুরুর দিকে এরকম কিছু তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও এর প্রতিকারের চেষ্টাও ছিলো খুব ধীর। এদিকে ভারতে সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। বিশ্বে আক্রান্তের সংখ্যায় দেশটি এখন তিন নম্বরে। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় ৫০ হাজার।
