রামপুরায় ফার্মেসি থেকে ২১ লাখ টাকা চুরি

আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৯:১৩

রাজধানীর রামপুরায় ফার্মেসি থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। হাতিরঝিল থানা রামপুরা এলাকার ওয়াপদা রোডের  লাইভ ফার্মেসি লিমিটেডে এই চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে ফার্মেসির সহকারী  ব্যবস্থাপক এস এম বায়েজীদ হাসান সেতু (৩৮) পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪শে জুলাই ফার্মেসির ক্যাশের চাবি এস এম বায়েজীদ হাসান সেতুর নিকট রেখে জুম্মার নামাজ পড়ে মসজিদে যান ফার্মেসির মালিক আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে ফার্মেসিতে এসে সেতুকে আর পাননি তিনি। এসময় ক্যাশ বক্সে রাখা টাকা না পেয়ে ফার্মেসির কর্মচারী টিটুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করে জানতে পারেন কাউকে কিছু না বলেই সেতু দোকান থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ফার্মেসির কর্মচারী সেতুকে আসামি করা মামলা করা হয়েছে। 

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে চতুরতার আশ্রয় নিচ্ছে প্রতারক সাহেদ

আনোয়ারুল ইসলাম জানান, লাইভ ফার্মেসি লিমিটেডের ওয়াপদা ও গেন্ডারিয়া শাখার এক সপ্তাহের টাকা জমা ছিলো ক্যাশে। ঈদের আগে কর্মচারীদের বেতন দেওয়ার জন্যই টাকা ক্যাশে রাখা হয়েছিলো। 

হাতিরঝিল থানার এসআই খাইরুল আলম জানান, ফার্মেসির কর্মচারী সেতুকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এস এম বায়েজীদ হাসান সেতু রংপুরের মিঠাপুকুরের বজুরুক শেরপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র।

ইত্তেফাক/এএএম