রামগতিতে শফিউল বারী বাবুর দাফন সম্পন্ন

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:৪৪

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রামদয়াল আবদুল হাদী কলেজ মাঠে জানাজা শেষে রবরোড এলাকায় আমজাদিয়া জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এর আগে শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা এবং সকলের প্রতি দোয়া চেয়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় ভাই সাইদুল বারী মির্জা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন লিংকন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো. শাহনেওয়াজ। 

মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে আবারও বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত 

পারিবারিক সূত্রে জানা যায়, শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। এর ফলে তার শ্বাসকষ্ট হচ্ছিল। সোমবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে অবস্থার আরও অবনতি হলে রাত ২টার দিকে তাকে এভার কেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।


ইত্তেফাক/ইউবি