শ্রীলঙ্কা সফর
স্পোর্টস রিপোর্টার
এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। ইতিমধ্যে গত চার মাস কার্যত গৃহবন্দি হয়েই কেটেছে ক্রিকেটারদের। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হলেও বাংলাদেশ দলকে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করছে বিসিবি। যার অংশ হিসেবেই স্থগিত শ্রীলঙ্কা সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিবি।
সবকিছু ঠিক থাকলে অক্টোবরে মুমিনুল হকরা শ্রীলঙ্কা যাচ্ছেন, এটুকু নিশ্চিত। সফরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের বাইরেও টি-২০ ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। সফরসূচি, করোনার কারণে কোয়ারেন্টাইন, প্রস্তুতি ম্যাচসহ আনুষঙ্গিক কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সিরিজের দিনক্ষণ, রূপরেখা আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। এমনটাই বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
গতকাল বিসিবির এই পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘নতুন সূচি নিয়ে বিসিবি ও এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) মধ্যে কথা চলছে। কত ফরম্যাটে, কতটি ম্যাচ হবে—এগুলো নিয়ে কথা হচ্ছে। কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।’
আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আকরাম খান। তিনি বলেন, ‘আশা করছি চার-পাঁচ দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। এর আগে আমাদের তিনটি টেস্ট খেলার কথা ছিল এই সিরিজে। আমরা বাড়তি কিছু ম্যাচ যোগ করার চেষ্টা করছি। প্রস্তাবনা বানাচ্ছে লঙ্কান বোর্ড। কথা চলছে।’
বিসিবি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা চলছে। যদিও শ্রীলঙ্কান বোর্ড প্রস্তুতি ম্যাচ আয়োজনে রাজি নয়। স্বাস্থ্যবিধির কারণে লঙ্কানরা চায় মুমিনুলরা প্রস্তুতি ম্যাচ ছাড়াই ম্যাচ খেলুক এবং করোনার ঝুঁকি দেখিয়ে লঙ্কান কোনো দলের সংস্পর্শে সফরকারীদের প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবকে স্বাগত জানায়নি এসএলসি।
সেক্ষেত্রে বিকল্প হিসেবে বিসিবির এইচপির সঙ্গে ম্যাচ খেলতে হতে পারে বাংলাদেশ জাতীয় দলকে। কারণ একই সময়ে শ্রীলঙ্কা সফরে থাকবে বিসিবির এইচপি দল। বিদেশের মাটিতে দেশীয় দলকে দিয়েই প্রস্তুতি ম্যাচের পর্ব সারতে হবে টাইগারদের।
মূল সিরিজ শুরুর অন্তত ১২ দিন আগে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। যাতে প্রস্তুতি নেওয়ার এবং কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ পান ক্রিকেটাররা।ত্
