তেঁতুলিয়ার ভাঙন ঠেকাই কী দিয়ে?

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:২৮

পটুয়াখালী জেলার বাউফলে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে হারিয়ে যেতে বসেছে ধুলিয়া ইউনিয়নের একটি বিশাল অংশ। প্রতিদিন এই নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও নানা অবকাঠামো। গত দুই দশক ধরে চলা অব্যাহত ভাঙনে ধুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ধুলিয়া লঞ্চঘাট এলাকা, নতুন বাজার ও মঠবাড়িয়া অংশে কয়েক শ একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। গত সপ্তাহ থেকে তেঁতুলিয়া নদী অগ্নিমূর্তি ধারণ করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বন্যার পানির স্রোতে দক্ষিণাঞ্চলের নদীগুলোতে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে। দুই দিনের ভাঙনে নতুন বাজার এলাকায় ১১টি বসতবাড়ি এবং পার্শ্ববর্তী একই এলাকার ৭টি বসতঘর ও আবাদি জমি মিলিয়ে গেছে। এভাবে দীর্ঘদিন ধরে ভাঙছে ধুলিয়া এলাকা, কিন্তু ভাঙন ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেই। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে অচিরেই ধুলিয়া এলাকা বাউফলের মানচিত্র থেকে হারিয়ে যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জিল্ল­ুর রহমান, বাউফল, পটুয়াখালী