অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ কোটি বন্যপ্রাণী

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৩৩

এএফপি

অস্ট্রেলিয়ায় ২০১৯-২০ সালে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণী মারা গেছে অথবা আবাসস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে করা সমীক্ষায় বলা হয়, এসব বন্য প্রাণীর মধ্যে রয়েছে ১৪ কোটি ৩০ লাখ স্তন্যপায়ী প্রাণী, ২ কোটি ৪৬ লাখ সরীসৃপ, ১৮ কোটি পাখি এবং ৫ কোটি ১০ লাখ ব্যাঙ। গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক ক্রিস ডিকম্যান বলেন, আগুনে পুড়ে ঠিক কত প্রাণী মারা গেছে বলা যাচ্ছে না, তবে আগুন থেকে যত প্রাণী পালাতে পেরেছিল; খাদ্যাভাব, বাসস্থানের অভাব এবং শিকারিদের কাছ থেকে তাদের বেঁচে থাকার সংখ্যা খুব বেশি নয়। ভয়াবহ দাবানলে ২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়ার খরাপ্রবণ বনভূমির ১ লাখ ১৫ হাজার বর্গকিলোমিটার (৪৪ হাজার বর্গমাইল) এলাকা পুড়ে যায়। এতে ৩০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং পুড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বিজ্ঞানীরা বলছেন, অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে চলা এই দাবানল জলবায়ু পরিবর্তনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে।