ঘরবাড়ি ও ফসল নিমজ্জিত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীর বাঁধ আবারও ভেঙে গেছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের বাঙ্গালী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সোমবার বিকালে ভেঙে গেছে। ফলে মহিমাগঞ্জ, রাখালবুরুজ, শিবপুর, কোচাশহর ও শালমারা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার আখ ও উঠতি পাটসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। এছাড়া এই পাঁচটি ইউনিয়নের বালুয়া, পুনতাইড়, বালুয়া, শিংজানী, আমবাড়ী, বোচাদহ, ছয়ঘরিয়া, শ্রীপতিপুর, হরিনাথপুর, বিশপুকুর, কাজীপাড়া, শিবপুর, শাহপুর, কানাইপাড়া, বুড়াবুড়ি, উলিপুর, দামগাছা, শাখাহাতি, শালমারা, কলাকাটা, বাইগুনি গ্রামের নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এর আগের দিন একইভাবে একই বাঁধের দুই কিলোমিটার ভাটিতে বোচাদহ এলাকায় ভেঙে গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বাঁধ ভাঙনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সময়মতো সংস্কারকাজ শেষ না করায় এই বাঁধ ভেঙে গেছে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, এলাকার লোকজনের অসহযোগিতার কারণে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে পানির চাপে ও অবিরাম বৃষ্টিপাতের কারণে বাঁধটি ধসে গেছে।
