কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৩৯ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। এতে গরীব ও জরুরি অপারেশনের রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অপরদিকে নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক জন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন হয়। পরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালের একটি নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার। একই সঙ্গে অপারেশন থিয়েটারের জন্য যন্ত্রপাতিও কেনা হয়; কিন্তু অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত চিকিত্সক না থাকায় যন্ত্রপাতির বেশির ভাগই এখন নষ্ট হওয়ার পথে।
হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগী সুরাইয়া বেগমের স্বজন জানান, মেয়েকে সন্তান প্রসব করানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। নরমালে সন্তান প্রসব না হওয়ায় সিজারিয়ানের প্রয়োজন হয়; কিন্তু এই হাসপাতালে সিজারিয়ানের ব্যবস্থা না থাকায় কষ্ট করে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিজার করানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন জানান, অপারেশনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও আবশ্যিক পদে চিকিত্সক না থাকায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না। অপারেশনের সঙ্গে সম্পৃক্ত চিকিত্সকদের শূন্য পদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একাধিকবার পাঠানো হয়েছে; কিন্তু তাতেও অপারেশনের জন্য কাঙ্ক্ষিত চিকিত্সক পাওয়া যাচ্ছে না।
