চামড়া সংরক্ষণে লবণের ঘাটতি নেই :বিসিক

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫৬

দেশে লবণের মজুত সাড়ে

১১ লাখ মেট্রিক টন

ইত্তেফাক রিপোর্ট

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দেশের লবণের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশে বর্তমানে ১১ লাখ ৫৭ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। প্রতি বছর ঈদুল আজহায় দেশব্যাপী কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রায় ১ লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন হয়। ইতিমধ্যে জেলা ও উপজেলাভিত্তিক ডিলার ও পাইকারি লবণ বিক্রেতাদের মোবাইল নম্বরসহ তালিকা প্রণয়ন করা হয়েছে। এ তালিকা ঈদের আগেই এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, হাটবাজার ও ইউনিয়ন পরিষদসহ কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করা হবে। ফলে লবণের কোনো ঘাটতি হবে না। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর সংখ্যার বিপরীতে লবণের চাহিদা ছিল ৮১ হাজার ৮২০ মেট্রিক টন। ফলে মজুতকৃত লবণ দিয়ে এবারের ঈদুল আজহার চাহিদা মিটিয়ে আরো প্রায় ৮ মাসের লবণের চাহিদা পূরণ সম্ভব হবে। অন্যদিকে আর চার মাস পর হতে লবণ উত্পাদনের নতুন মৌসুম শুরু হবে। ফলে দেশে লবণের কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই বলে বিসিক জানিয়েছে।