মোটরসাইকেলের নিবন্ধন ফি কমাতে কাজ করবে শিল্প মন্ত্রণালয়

আপডেট : ২৮ জুলাই ২০২০, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

মোটরসাইকেল শিল্প খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মোটরসাইকেলের নিবন্ধন ফি নির্ধারণ করতে কাজ করবে শিল্প মন্ত্রণালয়। বাস্তবতার নিরিখে এই হার বিবেচনার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে শিগগির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হবে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানান। গতকাল মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, অভ্যন্তরীণ বিশাল চাহিদার কথা বিবেচনা করে এ শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি হিমিহিকো কাতসুকি। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মুহাম্মদ আশেকুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।