ইত্তেফাক রিপোর্ট
করোনা মোকাবিলা করে ভবিষ্যত্ স্বপ্ন জয়ের প্রত্যাশায় আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২০ :ফাইট করোনা উইন ফিউচার’ ওয়ার্ল্ড বুক রেকর্ডসে নাম লিখিয়েছে। এই দুর্যোগকালীন সময়ে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে অনলাইনে বিশ্বের ১০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট রাওমান স্মিতা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসানুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ মাসুদ মজুমদার, যুগ্ম সম্পাদক সোলায়মান আহমেদ জিসান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আক্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্মিতা বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুই দিনের ২৪ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামে ৪ হাজার ৫০৭ জন অনলাইন রেজিস্টার্ড অংশগ্রহণ করেন। যার মধ্যে বিভিন্ন দেশের ৫৫ আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বনামধন্য বক্তা বক্তব্য রাখেন। যেখানে ১০ জন বিচারকের মাধ্যমে ২২ জনকে পুরস্কৃত করা হয়। তিনি আরো বলেন, সম্মেলন পরবর্তী কার্যক্রম হিসেবে সংগঠনের ১০ বছর পূর্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১০০ দেশের প্রতিনিধিরা একসঙ্গে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হবে।
