পপুলার মেডিক্যালের অধ্যক্ষ ডা. ফারুকের করোনায় মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৩

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিত্সকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।

ডা. আবদুল্লাহ আল ফারুক ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের জ্যেষ্ঠ কাউন্সিলর ছিলেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ছিলেন।

এফডিএসআরের তথ্যমতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ৮৫ জন চিকিত্সকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১১ জন চিকিত্সক।