কারাগার থেকে মুক্তি পাচ্ছে ৩৬৮ কয়েদি

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৬

দেশের কারাগারগুলো থেকে ৩৬৮ জন কয়েদি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে, ধর্ষক ও নৃশংস খুনি যাতে না ছাড়া হয়। আমরা সেই নির্দেশনা মাথায় রেখে সেগুলো ফিল্টার করে এখন ৩৬৮তে নিয়ে আসছি। এদের মুক্তির প্রক্রিয়া চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা রয়েছেন এবং জেল কোড অনুযায়ী যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তারা ছাড়া পাবেন। এর মধ্যে আইন পরিবর্তন হয়েছে। সে বিষয়ে আমি যাব না। আমাদের  প্র্যাকটিস যেটা ছিল, এক বছরে কতদিন জেল খাটলে এক বছর পূর্ণ হয়, সেই হিসাব করে যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে। ২২ বছরে জেলখানার ৩০ বছর পূর্ণ হয়।’

 ৩০ বছর সাজা খাটা ১ হাজার ৬০০-এর বেশি কয়েদির একটা তালিকা জেল কর্তৃপক্ষ দিয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচ-সাত বছরের মধ্যে আমরা ছাড়িনি। এর আগে ছাড়া হয়েছিল। এতদিনে পুঞ্জীভূত হয়েছে।’ হাসপাতালগুলোতে অভিযান বন্ধ হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘মোটেই বন্ধ হয়নি। যারাই করোনার ভুয়া সনদ করবে, আমরা তাদের ধরব, এটা হলো মূল কথা। এটা চলবে। তবে কাউকে যেন হয়রানি করা না হয়। এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে।’