পৌর মেয়রসহ একই পরিবারের ১৬ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৫৬

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলসহ তার পরিবারের ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলেমান হোসেন মেহেদী। তিনি জানান, সন্ধ্যায় পাওয়া রিপোর্টে বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের করোনা শনাক্তের বিষয়টি জানা যায়। এ নিয়ে তার পরিবারের ২২ জন সদস্যের মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তিনি আরো জানান, বিরামপুরে এ পর্যন্ত ৭৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল বলেন, আমার কাজ জনগণের সঙ্গে কাজ করা। এজন্যই কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছি। আমার পরিবারে ২২ জন সদস্যের মধ্যে ১৬ জনই করোনায় আক্রান্ত হয়েছে। তাই পৌরসভায় অফিস না করে নিজ বাড়িতে অবস্থান করছি।