চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতে রাফালে যুদ্ধবিমান

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২২:৫৩

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ফরাসি যুদ্ধবিমান রাফালের প্রথম চালানটি গতকাল ভারতে পৌঁছেছে। পাঁচটি রাফাল বিমান ফ্রান্স থেকে উড়ে সংযুক্ত আরব আমিরাতে যাত্রাবিরতি দিয়ে ভারতে এসে নেমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, লড়াইয়ের জন্য এই যুদ্ধবিমানের ব্যবহার এখনই সম্ভব নয়, এর জন্য সময় লাগবে।—খবর বিবিসির

২০১৬ সালে ভারত পুরোনো রুশ মিগ যুদ্ধবিমান বাতিল করে তাদের বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য ৩৬টি রাফাল বিমান কেনার জন্য চুক্তি করে। তারই প্রথম চালান হিসাবে এই পাঁচটি বিমান দেওয়া হলো। বাকিগুলো আগামী বছরের মধ্যে সরবরাহ করার কথা। রাফাল যুদ্ধবিমান হামলার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং স্থল এবং সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম বলে দাবি করা হয়। প্রতিটি বিমান কিনতে খরচ পড়েছে প্রায় ১০ কোটি ডলার বা ৭০০ কোটি রুপি।

ভারত দাবি করছে,         এই যুদ্ধবিমান বিশেষ করে উত্তর ও পশ্চিম সীমান্তের আকাশযুদ্ধে একটা গেমচেঞ্জারের কাজ করবে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়ার বলেন, রাফাল আসলে ভারতের প্রতিরক্ষা সামর্থ্যে একটা বিরাট রায়। আমাদের দুই প্রতিপক্ষ দেশের ইনভেনটরিতে এখন যে ধরনের যুদ্ধবিমান আছে তার চেয়ে এটা অনেক ভালো, অনেক দক্ষ।