মহাকাশবিজ্ঞানে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, চীন, জাপানসহ কয়েকটি দেশের মধ্যে। জাতিসংঘের ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা ৯৭০ কোটি হতে পারে; যা এখন থেকে প্রায় ২০০ কোটি বেশি। অতিরিক্ত এই ২০০ কোটি মানুষের জন্য প্রয়োজন হবে অতিরিক্ত খাবার, জ্বালানি, অক্সিজেনের। পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে; বেড়ে যাবে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। বিশ্ব উষ্ণায়ন আরো ত্বরান্বিত হবে। জনস্ফীতির চাপে দেখা দেবে খাদ্যাভাব। তাই মহাকাশবিজ্ঞানীদের ভাবনা চাঁদে বা মঙ্গলে মানুষের দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার। তবে সম্ভবত মানুষের এখন সবচেয়ে বেশি কৌতূহল মঙ্গল গ্রহ নিয়ে।
মঙ্গল গ্রহ নিয়ে মানুষের এই কৌতূহলের বিষয়টি বোঝা যায় সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশের একের পর এক মঙ্গল অভিযান দেখে। এ বছরের ১৯ জুলাই মঙ্গলে মহাকাশযান পাঠিয়ে শুরু করেছে মার্স মিশন। এর মাত্র চার দিন পর ২৩ জুলাই মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেছে চীনের মঙ্গলযান তিয়ানওয়েন-১। এবার মঙ্গলে পাড়ি দেবে নাসার মানুষবিহীন রোভার। নাসার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আর্টেমিস প্রোগ্রাম। এর প্রকল্পের প্রথম ধাপ সম্পন্ন হবে আজ ৩০ জুলাই। রোভার পারসিভের্যান্স পাড়ি দেবে মঙ্গলে। নাসার হিসাবমতো, তাতে মোট খরচ হবে ২৪৬ কোটি মার্কিন ডলার (২০ হাজার ৯১০ কোটি টাকা)। এই মিশনে তিনটি ল্যান্ডিং সাইট চিহ্নিত করা হয়েছে। জেজেরো ক্রেটার, এনই সারটিস ও কলম্বিয়া হিলস।
মঙ্গল নিয়ে মানুষ বরাবরই কৌতূহলী। মিশরীয় সভ্যতায় এই গ্রহকে বলা হত হের দেসের বা লাল বিন্দু। ব্যাবিলনের মানুষ বলত নেরগাল বা মৃত্যুর তারকা। প্রাচীন গ্রিসের বাসিন্দারা একে বলত রাগী তারকার যুদ্ধ ও রক্তপাতের কারণ। রোমানরা তাদের যুদ্ধদেবতার নামে আকাশের এই লাল বিন্দুর নাম রাখে মার্স। সাম্প্রতিক কালে এই লাল গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব নিয়েও শুরু হয়েছে অনেক জল্পনা।
মহাকাশবিজ্ঞানীদের ধারণা, আজ থেকে ৩৫০ কোটি বছর আগে উল্কাপাতে জেজেরো ক্রেটারের সৃষ্টি হয়েছিল। সেখানে বিশাল আকৃতির একটি হ্রদ ছিল বলে তারা মনে করেন। তবে এখন আর সেই হ্রদ নেই । বিজ্ঞানীদের মতে, তখনকার সেই হ্রদের পানির পলিতে জমাট বাঁধা পাললিক শিলার মধ্যে লুকিয়ে থাকতে পারে কোটি বছর আগের কোনো অজানা প্রাণীর জীবাশ্ম। রোভার মিশনে ক্রেটার জরিপের পাশাপাশি পাথর খনন করা হবে। উন্নত বিশ্লেষণও করা হবে। ২০২২ সালের মধ্যে জানা যাবে তার প্রাথমিক ফলাফল।—স্পেস ডট কম
