আটলান্টা ইউনাইটেডের কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনো মেজর লিগ সকারের ২০১৮ সালের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন। দলকে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুলেছেন ৫৫ বছর বয়সী এই কোচ। নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ফাইনালটি অনুষ্ঠিত হবে এই মাসের শেষের দিকে। নিয়মিত মৌসুমে তার দল আটলান্টা ২১টি ম্যাচে জয়লাভ করেছে যা শুট আউট পরবর্তী যুগের একটি রেকর্ড। শুধু তাই নয় ৩৪ ম্যাচে ৭০ গোল করে সর্বোচ্চ গোলকারী দলেও পরিণত হয়েছে আটলান্টা। দলের এমন পারফর্মেন্স তাকে এনে দিয়েছে বিচারকমণ্ডলীর ৩২.৭ শতাংশের ভোট, যার ফলে তিনি বনে গেছেন এমএলএসের বর্ষসেরা কোচ। তবে সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক বার্সেলোনা কোচের দল ছাড়ার ব্যাপারে। ডিসেম্বরেই নতুন ঠিকানা মেক্সিকোয় দেখা যেতে পারে তাকে।
