প্রবাসীদের প্রতি যে আচরণ দেখেছি সেটাই বলেছি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:৪৬

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি অভিবাসী কর্মী রায়হান কবির জানিয়েছেন, করোনা মহামারির সময়ে প্রবাসীদের প্রতি যে আচরণ তিনি দেখেছেন গণমাধ্যমকে সেটাই বলেছেন। মালয়েশিয়ার কাউকে আহত করার কোনো উদ্দেশ তার ছিল না। গতকাল বুধবার রায়হান কবিরের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে এ তথ্য জানান তার আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা।

আইনজীবী সুমিতা বলেন, রায়হানের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। তার সঙ্গে কথা বলার পর মনে হয়েছে তিনি সুস্থ ও আত্মবিশ্বাসী। রায়হান জানিয়েছেন, গ্রেফতারের পর তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। জিজ্ঞাসাবাদে পুলিশকে রায়হান বলেছেন, কোভিড-১৯ চলাকালে তিনি যা দেখেছেন তাই বলেছেন এবং এগুলো তার একান্তই নিজস্ব অনুভূতি। মালয়েশিয়া বা সেখানকার কাউকে তিনি আহত করতে চাননি। রায়হান জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরতে চান।

জানা গেছে, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে রায়হানের বিষয়টি সমাধান করতে চায় সরকার। রায়হানের বাড়ি নারায়ণগঞ্জে।  এদিকে রায়হানকে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মালয়েশিয়ায় অভিবাসীদের বিরুদ্ধে সরকারের নীতির সমালোচনা করার প্রতিশোধ হিসেবেই রায়হানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনের কারণে রায়হান কবির ও আল জাজিরা মালয়েশিয়া সরকারের টার্গেটে পরিণত হয়েছে। এগুলো মুক্তভাবে মত প্রকাশ করা বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। মালয়েশিয়ার উচিত রায়হান কবিরকে অবিলম্বে মুক্তি দেওয়া এবং দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি করা।

গত ৩ জুলাই আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের প্রতি লকডাউন চলাকালে সরকারের নিপীড়নমূলক আচরণের বিষয়টি উঠে আসে। আল-জাজিরার প্রতিবেদনে আরো অনেক দেশের নাগরিকদের পাশাপাশি রায়হান কবিরও সেখানে সাক্ষাত্কার দিয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয় মালয়েশিয়া। গত শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।