প্রতিবন্ধী শিশুকে অপহরণ ও হত্যার দায়ে গাজীপুরে যুবক আটক

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০০:৫৭

গাজীপুরে প্রতিবন্ধী শিশু ফাহিমকে (৭) অপহরণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক মো. তামিমকে (২০) আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শিববাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নিহত ফাহিম নেত্রকোনা জেলার আটপাড়া থানার শুরমুখ্যা গ্রামের কামরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

র্যাবের জিজ্ঞাসাবাদে তামিম জানায়, সে হবিগঞ্জের রাখাইখোলা থানার সুজনপুর গ্রামের মো. রইচ মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত্ গাজীপুরের নলজানী এলাকায় নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করে আসছিল সে। মুক্তিপণ আদায়ের জন্য সে তার পাশের বাসার প্রতিবন্ধী শিশু মো. ফাহিমকে অপহরণ করে। সোমবার দুপুরের দিকে শিশুটিকে সে অপহরণ করে নিজের বাসার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সে শিশুটির মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে এবং দড়ি দিয়ে হাত-পা বাঁধে। এরপর গলায় কাপড় পেঁচিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। পরে শিশুটির লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে রুমে তালা লাগিয়ে দেয়। রাত ৮টার দিকে শিশুটির সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে তার পরিবারের কাছে অপহরণের কথা জানায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে এক পর্যায়ে তামিম প্লাস্টিকের বস্তায় ভরা শিশুটির লাশ বাসার পাশের ঝোপের ভেতর ফেলে পালিয়ে যায়।

র্যাব কর্মকর্তা আরো জানান, শিশুটিকে অপহরণ ও খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে তামিম। জিজ্ঞাসাবাদে সে জানায়, পরিকল্পনা অনুযায়ী এভাবে শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে তা দিয়ে গাজীপুর শহরে বাড়ি, গাড়ি ও একটি পিস্তল কিনে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম ও বিলাসবহুল জীবন-যাপন করাই তার লক্ষ্য ছিল।