মেসির ফেরার ব্যাপারে আশাবাদী ম্যারাডোনা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:০৩

বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সাময়িক বিরতিতে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে বার্সেলোনা তারকা অচিরেই এ ধারা ভাঙবেন বলে বিশ্বাস করেন স্বদেশী ডিয়েগো ম্যারাডোনা।

সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাত্কারে অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। যাতে উঠে আসে সেরা কোচের ব্যাপারটিও। যেখানে তিনি জানান, দুই ম্যানচেস্টার কোচ পেপ গার্দিওলা এবং হোসে মরিনহোর মাঝে পর্তুগিজ কোচকেই এগিয়ে রাখেন তিনি।

মেসি জাতীয় দলে আদৌ ফিরবেন কিনা মার্কার এমন প্রশ্নে ম্যারাডোনা জানান, এ ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাবই পোষণ করছেন। তিনি বলেন, ‘আমি মনে করি সে ফিরবে। এ ব্যাপারে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। তবে যদি না ফেরে সে, তবে আমরা বেশ বিপদেই পড়তে যাচ্ছি।’

বেশ কিছুদিন আগে বার্সা অধিনায়কের নেতৃত্বগুণকে প্রশ্নবিদ্ধ করেছিলেন ম্যারাডোনা। পরে অবশ্য জানিয়েছিলেন তার কথাকে ভুলভাবে উপস্থাপন করেছে সংবাদ মাধ্যম। স্প্যানিশ ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাত্কারটিতেও মেসির সমালোচনার ব্যাপারটিকে উড়িয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘লিও আমার একজন বন্ধু এবং আমি কখনোই জনসম্মুখে আমার কোনো বন্ধুর ব্যাপারে বাজে কথা বলবো না। বলতে হলে তার সামনাসামনি বলবো কিন্তু কখনোই কোনো সাক্ষাত্কারে নয়।’

তিনি আরও বলেন, ‘লিওর ব্যাপারে আমি শুধু বলতে পারি যে সে একটা বিস্ময় এবং এরচেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। কিছু খেলোয়াড় আছে যারা খেলার আগে ২০ বার প্রকৃতির ডাকে সাড়া দেয়। কিন্তু আমি কখনোই মেসিকে ইঙ্গিত করে এ কথা বলিনি।’

এদিকে একই সাক্ষাত্কারে ম্যারাডোনা জানান, মরিনহোকে গার্দিওলার চেয়েও এগিয়ে রাখেন তিনি। ম্যারাডোনা বলেন, ‘আমি বলবো মৌই (মরিনহো) বিশ্বসেরা।’

বল দখলে রেখে ছোট ছোট পাসনির্ভর টিকিটাকা ফুটবল খেলিয়ে সফল গার্দিওলাকে কৃতিত্ব দিলেও সিটি কোচকে টিকিটাকার জনক মানতে নারাজ ম্যারাডোনা। তিনি বলেন, ‘ইয়োহান ক্রুইফ যা শুরু করে দিয়ে গিয়েছিল তার ধারাবাহিকতা ধরে রেখে তার সুবিধাভোগ করার জন্য আমি গার্দিওলাকে কৃতিত্ব দেব। আমি আগেও অনেকবার বলেছি টিকিটাকা গার্দিওলার আবিষ্কার নয়। এটা ছিল ‘ফ্ল্যাকো’ ক্রুইফের আবিষ্কার।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে পেপ বিশ্বের যে কোনো খেলোয়াড়কেই দলে টানতে পারে। এ কারণেই টিকিটাকা কিছুটা সহজ হয়ে গেছে তার জন্য।’

ম্যারাডোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় সারির দল দোরাদোসের দায়িত্বে আছেন। তবে তিনি মনে করেন কোচ হিসেবে আরও উন্নতি করতে হবে তাকে।

তাকে প্রশ্ন করা হয়েছিল স্পেনে কোচিং করানোর ইচ্ছাপোষণ করেন কি না, জবাবে ম্যারাডোনা জানান, যদি দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হন তবেই স্পেনে পা রাখবেন তিনি। কিন্তু তার আগে ম্যানচেস্টারে গিয়ে মরিনহোর কাছে কোচিংয়ের দীক্ষা নিতে চান ম্যারাডোনা।

সাবেক আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘আমি মনে করি কোচ হিসেবে আমার শেখার আরও অনেক কিছু বাকি। এজন্য আমি ম্যানচেস্টারে যেতে চাই এবং মরিনহোকে এ ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করতে চাই। কেননা সে সন্দেহাতীতভাবেই বিশ্বসেরা।’