মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মরিচের গুঁড়া, গুলসহ চেতনানাশক বিভিন্ন দ্রব্য। কোরবানির পশুর হাটকে সামনে রেখে তারা মাঠে সক্রিয় হয়েছিল। গতকাল বৃহস্পতিবার মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন। তিনি জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তারা তত্পর ছিল। গোয়েন্দা বিভাগ দুই-তিন দিন যাবত্ এদের ধরতে কাজ করেছে। আমরা আশা করছি অজ্ঞান পার্টির এই সদস্যদের গ্রেফতারে পশুর হাটের কেনাবেচা নিরাপদ হবে।
