প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী যাত্রীদের জন্য বর্তমানে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক আছে। এই ব্যবস্থায় আংশিক সংশোধন করে যেসব দেশ যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ চাইবে, কেবল সেসব দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ গ্রহণ বাধ্যতামূলক হবে। তবে বিমানবন্দরে বিদেশগামী সব যাত্রীর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা জোরদার করতে হবে, এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে অনুষ্ঠিত এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণমন্ত্রীর সভাপতিত্বে ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান বক্তব্য দেন।
