রাজশাহীতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:১৮

রাজশাহীতে শরীরে আগুন দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত তাজুদ (৪২) নগরীর হেতেমখাঁ বড় মসজিদ এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, তাজুদের বাবা-মা, স্ত্রী-সন্তান কেউ নেই। শুধু এক ভাই আছেন। তাজুদ বাড়িতে একাই থাকতেন। রাতে প্রতিবেশীরা তার শরীরে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা পানি ঢেলে শরীরের আগুন নেভান।

এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা আশঙ্কাজনক অবস্থায় তাজুদকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে রামেকের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ জন্য মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।