পেসারদের জন্য আসছে বিশেষ ট্রাউজার

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩৫

করোনাকালে জাগতিক পৃথিবীর অনেক কিছু বদলে গেছে। বদলের ছোঁয়া লেগেছে ক্রিকেটেও। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অনেক নতুন নিয়ম প্রবর্তন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেমনটা নিষিদ্ধ করা হয়েছে মুখের লালা তথা থুথু ব্যবহার। বল শাইন (বলের উজ্জ্বলতা বাড়ানো) করতে যেটি নিয়মিত ব্যবহার করতেন পেস বোলাররা। পরিবর্তিত নিয়মে বল শাইনিংয়ের কাজ করতে থুথু ব্যবহার করতে পারছেন না পেসাররা। কদিন আগেই তাসকিন আহমেদ বলছিলেন করোনার কারণে আসা নিয়মগুলো পেসারদের বিপক্ষে যাচ্ছে। তবে বাংলাদেশের পেসারদের বিশেষ এক ট্রাউজার তৈরি করছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। যেখানে ব্যবহার করা হয়েছে বিশেষ ফেব্রিক। থাইল্যান্ড থেকে আনা এই ফেব্রিকে তৈরি ট্রাউজার বলের শাইন ধরে রাখতে সাহায্য করবে। তবে এখনো পরীক্ষামূলক অবস্থায় রয়েছে এই প্রচেষ্টা।

নিয়মিতভাবে বাংলাদেশ দলের জার্সি তৈরি করে আসছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। গত বিশ্বকাপের জার্সিও তাদেরই করা। প্রতিষ্ঠানের কর্ণধার মেহতাব উদ্দিন আনোয়ার আহমেদ গতকাল বলেছেন, এটি পেসারদের স্বাচ্ছন্দ্য দেবে। এখনো পরীক্ষার পর্যায়ে আছে। ইতিমধ্যে কয়েক জনের কাছ থেকে ভালো মন্তব্য পেয়েছি। তবে তিনি অপেক্ষা করছেন পেসারদের মন্তব্যের জন্য। খুব দ্রুতই পেসারদের কয়েকটি ট্রাউজার দেবেন তারা। রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ইতিবাচক বললেই বিসিবির অনুমতিসাপেক্ষে ট্রাউজার তৈরি করবে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

বিশেষ ট্রাউজার তৈরির বিষয়ে জানতে চাইলে মেহতাব উদ্দিন আনোয়ার আহমেদ গতকাল বলেছেন, ‘আসলে করোনা আসার পরে যখন মুখের লালা ব্যবহার নিষিদ্ধ হবে কথা হচ্ছিল, তখনই এমন চিন্তা আমরা করেছি। বল শাইনিংয়ের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমরা বল শাইনিংয়ের জন্য বিশেষ ফেব্রিক দিয়ে একটা ট্রাউজার বানানোর চেষ্টা করছি। যেটা বোলারদের বল শাইনিংয়ে সাহায্য করবে।’

পরীক্ষার পর্যায় পার হলেই ট্রাউজার সম্পর্কে বিস্তারিত জানাতে চান মেহতাব উদ্দিন আনোয়ার আহমেদ। তিনি বলেছেন, ‘এটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। থাইল্যান্ড থেকে এই ফেব্রিকটা আনতেছি। আশা করি, এটা খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য দেবে। ইতিমধ্যে দু-একজন খেলোয়াড়কে দিয়েছি, তারা ভালোই বলেছে।’

তাসকিন-শফিউলদের মন্তব্যের অপেক্ষায় আছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বলেছেন, ‘এখন দেখতে হবে পেস বোলাররা কী বলে। কারণ, মূলত তাদের জন্যই এটা করা। তাদের বল শাইনিংয়ে সাহায্য করে কি না, এটা তারা ব্যবহার করে জানাবে। কয়েকটা ট্রাউজার বানাচ্ছি পেসারদের জন্য। তাদের দেওয়ার পর বুঝতে পারব।’