সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৪২

গোপালগঞ্জে প্রবাসীসহ পরিবারের তিন জন ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিতা-পুত্রসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

গোপালগঞ্জ :গোপালগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী ও তার পরিবারের তিন সদস্য নিহত ও আরো দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের ইমদাদুল, তার পিতা মো. জিয়ারুল ও দুলাভাই সাজ্জাদ মোল্লা। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, বুধবার রাতে ইমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকারে করে দীঘলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের প্রাইভেটকারটি ভোর ৪টার দিকে ভাটিয়াপাড়া ফ্লাইওভারের ওঠার সময় ডিভাউডারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও আহত হন আরো দুই জন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গোবিন্দগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামক স্থানে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, উপজেলার বোগদহ কলনীর ওছির উদ্দীন ও তার পুত্র মাদ্রসা ছাত্র জোবায়ের উদ্দীন মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে শিয়ালগাড়া নামকস্থানে বিপরীতমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পুত্র এবং হাসপাতালে নেওয়ার পর পিতা মারা যায়। স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

লোহাগাড়া (চট্টগ্রাম) :বৃহস্পতিবার সকালে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে ডায়মন্ড সিমেন্ট বোঝাই  ট্রাক ও সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েক জন আহত হয় বলে জানা গেছে। নিহতরা হলেন—চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগরের বাদামতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. শওকত এবং ঝালকাঠি জেলার রাজারপুর এলাকার মোহাম্মদ জলিলের ছেলে মোস্তাফিজুর রহমান।

শিবপুর (নরসিংদী) : শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শিবপুর থানার ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি ইটাখোলা হাইওয়ে পুলিশ।

চট্টগ্রাম :চট্টগ্রামে বাসচাপায় এহেসানুল হক নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এহেসানুল হক চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। সকালে বাকলিয়া এলাকার বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে এসআলম পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসসহ চালককে আটক করা হয়েছে। 

কচুয়া (চাঁদপুর) :কচুয়ায় সিএনজির ধাক্কায় বৃহস্পতিবার দুপুরে মোশারফ হোসেন মৃধা নামের এক বৃদ্ধের মৃত্যু ও রাজু নামের এক যুবক আহত হয়েছে। জানা যায়, উপজেলার লুন্তি গ্রামের মোশারফ হোসেন ও একই বাড়ির রাজু রহিমানগর বাজার থেকে কোরবানির গরু কিনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে বলরা গ্রাম অংশে পৌঁছলে দ্রুতগামী একটি সিএনজির হর্নে গরুটি বেপরোয়াভাবে দৌড় দিলে সিএনজিটি গরুসহ মোশারফ ও রাজুর ওপর এসে পড়ে। এতে গুরুতর আহত মোশারফকে রহিমানগর বাজারে বেসিক ডায়াগনিস্টক সেন্টারে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তালা (সাতক্ষীরা) :তালায় ট্রাকের ধাক্কায় আরাফাত বিশ্বাস নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত উপজেলার বারাত গ্রামের ফুরকান বিশ্বাসের পুত্র। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে।