মানুষের দুর্দশায় দাঁড়ানো আওয়ামী লীগের সাত দশকের ঐতিহ্য :কাদের

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা এবং বন্যাদুর্গত মানুষের কল্যাণে দলীয় নেতাকর্মীদের মানবিক অংশগ্রহণ অব্যাহত আছে। আওয়ামী লীগ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে যেমনি রয়েছে, তেমনি দেশের প্রতিটি দুর্যোগ-সংকটে জনমানুষের পাশে রয়েছে। মানুষের দুর্দশায় পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই     আওয়ামী লীগের ৭ দশকের ঐতিহ্য।

গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত। দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। করোনা মোকাবিলায় নানান সীমাবদ্ধতার পরও শেখ হাসিনা সরকার সংক্রমণ রোধ, চিকিত্সা ও মানুষের সুরক্ষায় কাজ করছে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পদক্ষেপগুলোতে জনমনে আস্থা আবারও সুদৃঢ় হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।